Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৪ জুন, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের পৌর শহরে সিএনজি অটোরিকশার ধাক্কায় সাহেদ আহমদ দিপু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু পৌর শহরের নয়াগ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিপু হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি বিয়ানীবাজার-সিলেট মহাসড়ক পার হতে গেলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.