নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন, ২০২১
সিলেটে কাভার্ডভ্যানে করে চোরাই সিএনজি অটোরিকশা নিয়ে যাওয়ার সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার ও এগুলো বহনের কাজে ব্যবহার করা কাভার্ডভ্যনটিও জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ জুন) বেলা আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোডস্থ মনির ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা -দক্ষিণ সুরমা থানার তেতলি উত্তর পাড়া এলাকার আব্দুল মুতলিবের ছেলে মনির উদ্দিন মনির উদ্দিন (৩৫) ও ডিপো ট্রাভেলস এলাকার বর্তমান বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৩)।
পুলিশ জানায়, সোমবার (১৪ জুন) বেলা আনুমানিক আড়াইটার দিকে আমরা খবর পাই সিলেট বঙ্গবীর রোড মনির ট্রেডার্সের সামনে ট্রাক থেকে কয়েকটি চোরাই অটোরিকশা নামানো হচ্ছে। এ সংবাদে অভিযানে গেলে দেখা যায় হলুদ রঙের একটি কাভার্ডভ্যান থেকে নম্বরবিহীন অটোরিকশাগুলো নামানো হচ্ছে। তখন অটোরিকশাগুলো জব্দ করে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এসময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি মো. মনিরুল ইসলাম।