সিলেটটুডে ডেস্ক | ১৫ জুন, ২০২১
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ জুন) দুপুর আড়াইটায় তার প্রস্তাবকারী জুনেদ আহমদ এবং সমর্থনকারী ওজিউর রহমান চৌধুরী মিঠুকে সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফি আহমদ চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বস্তরের মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আশা করি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে বর্তমান সরকার নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। ভোটের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে। এই উপনির্বাচনে ভোটাররা তাদের সেই আস্থা ও বিশ্বাস ফিরে পাবেন।
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্বরতদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মানুষের ভোটের অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের মাধ্যমে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী তাদের সেই অধিকার ফিরে পাবে।