Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদীতে ফের নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

তাহিরপুর প্রতিনিধি |  ১৯ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুরে ২০ দিনের ব্যবধানে যাদুকাটা নদীতে ফের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে হাসিবুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হাসিবুল উপজেলা বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে। এদিকে উদ্ধার হওয়া শিশুরা একই ইউনিয়নের আদর্শ গ্রামের মাসুল মিয়ার দুই ছেলে জিয়াউল হক (৯),আরিফুল (৫)। শিশু দুজন নিখোঁজ হাসিবুলের সম্পর্কে চাচা শশুরের ছেলে।

এর পূর্বে গত সোমবার ৩১ শে মে সকাল আটটার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে নৌকা ডুবির ঘটনায় মাঝি মো. হারিছ মিয়া (২৪) নিখোঁজের ২০ দিনেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হারিছ উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা বারেকটিলার বড়ঘোফ টিলার নুর ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে সাথে ভেসে আসা লাকড়ি কুড়াতে গতকাল শুক্রবার দুপুরে বড়টেক এলাকা সামনে যায় হাসিবুল তার সম্পর্কে শ্যালক জিয়াউল হক ও আরিফুলকে। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ি কুড়িয়ে বিকেল তিনটার বাড়ি ফেরার পথে নদীতে প্রবল স্রোতে লাকড়ি বোঝায় নৌকা ডুবে যায়।

এ সময় যাদুকাটা নদীতে পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা ভেসে যাওয়া দুই শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছে। এ খবর পেয়ে সুনামগঞ্জ থেকে সন্ধ্যা ৭টায় ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.