নিজস্ব প্রতিবেদক | ১৯ জুন, ২০২১
সিলেটের আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৮জুন) সিলেটের বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা ও মোগলাবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ জুন) সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি গণমাধ্যমে জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী উত্তরভাগের আব্দুর রহিমের ছেলে হাছন আহমদ ওরফে হাছন (২৯), বালাউটের শিব্বির আহমদের ছেলে জুনেদ আহমদ (২২), কাশিরচকের জামাল আহমদের ছেলে রমজান আলী ওরফে রমজান (২৫) ও মোগলেবাজার থানার কিষনপুর গোটাটিকর মৃত নিপেন্দ্র কর্মকারের ছেলে দিলীপ কর্মকার (৫০)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, জকিগঞ্জ থানার সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরী গ্রামের মনোয়ারা বেগমের বাড়িতে গত ৪ জুন দিবাগত রাত দেড়টার দিকে সময় একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৮ লাখ ৫৬ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন (৫ জুন) মনোয়ারা বেগম জকিগঞ্জ থানায় মামলা (নং-২) দায়ের করেন।
মামলা দায়েরের পর সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেমকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
এসপির নির্দেশের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আত্মগোপন করা অবস্থায় গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে সিলেটের মোগলাবাজার থানার কিষনপুর গোটাটিকরে অভিযান চালিয়ে ডাকাতদের স্বর্ণালংকার ক্রয়কারী দিলীপ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।