Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গৃহহীন আরও ১৫২ পরিবার পাচ্ছে নতুন ঘর

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে আরও ১৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর।

আগামীকাল রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে দ্বিতীয় ধাপের আশ্রায়ন প্রকল্পের ঘরের উদ্বোধন করবেন।

এরই ধারাবাহিকতায় ওই দিন কমলগঞ্জ উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ১৫২টি ঘর ও দুই শতক করে জমির দলিল সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করবেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ৩৩০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৯১ হাজার টাকা করে ব্যয় হয়েছে। ২০ ফুট বাই ২৩ ফুট প্রস্থের প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, কক্ষের সাথে সংযুক্ত শৌচাগার ও খোলা বারান্দা। কমলগঞ্জ উপজেলা প্রশাসন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সরকার মুজিব বর্ষ উপলক্ষে অসহায় ভ‚মিহীন, গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ঘর নির্মাণ যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেই দিক বিবেচনা করে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে গুণগত মান সম্পন্ন ইট, বালু ও সিমেন্ট। তবে ঘর নির্মাণে কোনো অভিযোগ আসলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা জানান, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা মুজিব বর্ষে সুবিধাভোগীদের গুণগত মান সম্পন্ন পাকা ঘর উপহার দিতে মাঠ পর্যায়ে গিয়ে ঘরগুলোর নিয়মিত তদারকি করছেন। যাতে তারা সকলে ভালো মানের ঘর উপহার পান। কাজের যেন কোনো অনিয়ম না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন।

এদিকে ভূমি ও গৃহ পাচ্ছেন এমন কয়েকজন সুবিধাভোগী জানান, প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে তারা খুবই খুশি। সারাদিন মাঠে-ঘাটে পরিশ্রম করে নিজের বাড়িতে থাকতে পারবে এর চেয়ে খুশির আর কি হতে পারে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দীর্ঘায়ু ও দোয়া কামনা করেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন অসহায় পরিবারগুলোকে উপহার স্বরুপ পাকা বাড়ি করে দিচ্ছেন। ফলে সমাজের অবহেলিত মানুষগুলোর সামাজিক মূল্যায়ন বৃদ্ধিসহ প্রাত্যহিক জীবনে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। এর আগেও প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৮৫টি পরিবারের কাছে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.