Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভোক্তা অধিকারে অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ জুন, ২০২১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার শাখার অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

রোববার (২০ জুন) ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহযোগিতায়

জানা যায়, উক্ত তদারকি অভিযানে মাংস অতিরিক্ত দামে বিক্রয় করা, মোড়কজাত পণ্যের গাঁয়ে মূল্য না লেখা থাকা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে চাল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত রংধনু দেশী মাংসের দোকানকে ১ হাজার ৫ শত টাকা, তিন ভাই খাদ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা কসমেটিক্সকে ১ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত সিকদার এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও শমশেরনগর পুলিশ ফাঁড়িতে বসে তিনজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তি করা হয়। তেরাবান বেগমের অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর বাজারে অবস্থিত ছালামত মিয়ার মাংসের দোকানকে ওজনে কম দেওয়া ও প্রতিশ্রুতি অনুযায়ী মাংস না দেওয়ার দায়ে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে এবং ওজনে কম দেওয়ার দায়ে আব্দুল কাদির ও মো. জয়নাল আবেদীনের অভিযোগের প্রেক্ষিতে সুমি এন্টারপ্রাইজকে যথাক্রমে ২ হাজার টাকা এবং ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আইন অনুসারে জরিমানা ২৫ শতাংশ তেরাবান বেগমকে ১ হাজার টাকা, আব্দুল কাদিরকে ৫ শত টাকা এবং মো. জয়নাল আবেদীনকে ২৫০ টাকা প্রদান করা হয়।

অভিযানেকালে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত, ভোগ্য পণ্যসামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে, নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.