Sylhet Today 24 PRINT

ছাতকের ইউপি নির্বাচন: একটিতে নৌকা, অপরটিতে বিদ্রোহীর জয়

ছাতক প্রতিনিধি |  ২১ জুন, ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে একটিতে আওয়ামীলীগের প্রার্থী ও একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয।
 
উপজেলার নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট।

এদিকে বেসরকারি ফলাফল অনুযায়ী সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন মোঃ সাহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৫১ ভোট পেয়েছেন। ##

এরআগে দু'টি ইউনিয়নে দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দু'ইউনিয়নে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র‍্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নজরদারি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। সিলেট বিভাগের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.