Sylhet Today 24 PRINT

মজুরির খসড়া সুপারিশ বাতিলরে দাবি করেছেন কুলাউড়ার চা শ্রমিক নেতারা

কুলাউড়া প্রতিনিধি |  ২১ জুন, ২০২১

চা বাগানে নিযুক্ত শ্রমিকদের মজুরীর খসড়া সুপারিশ ২০২১ প্রত্যাহারের ও শ্রমিক বান্ধব গেজেট তৈরি করে সেটি প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ‘লংলা ভ্যালী কার্যকরী পরিষদ’।

সোমবার (২১ জুন) দুপুরের দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারস্থ ‘লংলা ভ্যালী কার্যকরী পরিষদের’ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দরা। সেই সাথে তাদের নতুন ৮টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

কুলাউড়া ও রাজনগর উপজেলার ৩৫টি চা বাগান নিয়ে লংলা ভ্যালী। সংবাদ সম্মেলনে দাবি দাওয়া নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন- লংলা ভ্যালীর সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন লংলা ভ্যালীর সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি ডলি রাণী নাইডু, লংলা ভ্যালীর মহেষ রায়, মূখেশ কর্মকার ও নন্দলাল দাস প্রমুখ।

লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা জানান, গত ১৩ জুন চা শিল্পের সকল শ্রেণির শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ১২০ টাকা নির্ধারণ করে খসড়া সুপারিশ প্রকাশ করেছে। ২০১৯ সালের ২২ অক্টোবর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। প্রায় ২ বছর পর চা-শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হারের প্রকাশিত খসড়ায় আমরা মর্মাহত। যা অত্যন্ত দুঃখজনক ও শ্রমিক বিরোধী বলে চা শ্রমিকরা মনে করেন। সেই সাথে শ্রমিকরা নতুন ৮ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো শ্রমিকদের দৈনিক মজুরি তিনশত টাকা, খসড়া গেজেটের ৭ ধারা বাতিল করে দুই বছর অন্তর অন্তর বাংলাদেশীয় চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মজুরি ছাড়াও উৎপাদনশীলতাসহ অন্যান্য আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তফসীল ‘খ’ এর ক্রমিক নং ৩ (শিক্ষানবিস) বাতিল, সকল চা শ্রমিকদের জন্য বৈশাখী ভাতা, ধানি জমির রেশন কর্তন বন্ধ, প্রত্যেক চা-শ্রমিকের ভূমির অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ শ্রম আইন সংশোধনকালে চা শ্রমিকদের একজন প্রতিনিধি রাখা এবং চা শ্রমিকদের গ্র্যাচুয়িটি বাস্তবায়ন করতে হবে।

শ্রমিক নেতারা আরও জানান, বেশিরভাগ চা বাগানে এখনও শ্রমিকদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাদের ৮দফা দাবি না মানলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা। সর্বোপরি শ্রমিক নেতারা ১৩ জুনের গেজেট বাতিল করে শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.