সিলেটটুডে ডেস্ক | ২২ জুন, ২০২১
সিলেটের মহানগরের মধ্যে জলাশয় ভরাটকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, জলাশয়ের ক্ষতি করলেই সিসিক আইন অনুসারে ব্যবস্থা নেবে। কাউকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য সিসিক প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ ওয়াকওয়ে পরিদর্শন শেষে জল্লারপাড়ের জল্লার পরিচ্ছন্নতা ও উন্মুক্তকরণ কাজ তদারকি করার পর এসব কথা বলেন সিসিক মেয়র।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জলাশয় আইন না মেনে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। যার জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ। সেজন্য নগরীতে বসবাসকারীদের মধ্যে ঝুঁকিও বেড়েছে। অথচ জলাশয় নিয়ে আইন রয়েছে। সেই আইনে কোনো তোয়াক্কা না করেই জলাশয় ভরাট করা হচ্ছে। এবার আর কোন ছাড় দেয়া হবে না। জলাশয়ের ক্ষতি করলেই সিসিক আইন অনুসারে ব্যবস্থা নিবে।
তিনি বলেন, জল্লারপাড়ের জল্লাতে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারের জায়গা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর জল্লার জায়গা পুনরায় সার্ভে করার পর যথাযথ কাগজপত্র দেখে জায়গা আলাদা করার কাজ শুরু করবে সিসিক। সরকারের জায়গা হলে সরকার পাবে। আর ব্যক্তি কিংবা কোন সরকারি প্রতিষ্ঠানের জায়গা থাকলে তাদেরকে বুঝিয়ে দেয়া হবে।
জল্লার পরিষ্কার করার পর সৌন্দর্য বর্ধন করা হবে জানিয়ে তিনি বলেন, নগরবাসীর যাতে বিনোদনের একটি জায়গা হয় সে লক্ষেই কাজ করছে সিসিক। একইসাথে জল্লার কাজ শেষ হওয়ার পর পরই এই ওয়াকওয়ে উন্মুক্ত করা হবে।
এছাড়া নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই ওয়াকওয়েতে সিসিকের ক্যামেরা, নিজস্ব নিরাপত্তা দল ও পুলিশের সাথে কথা বলে একটি ক্যাম্প বসানোর চিন্তা-ভাবনা করছে সিসিক।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল দহক পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মাননীয় মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।