Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা লাউয়াছড়া বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে।

সোমবার রাত ৮টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমি থেকে এই অজগর সাপটি উদ্ধার করেন স্থানীয় চা-শ্রমিকরা।

পরে লাউয়াছড়া বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাত ১০ টায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে।

জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধীন কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে সাপ দেখতে পায় স্থানীয় লোকজন। তখন তারা অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করে দেখতে পায়। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি সাপটি আর পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেরে বন বিভাগের শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ১০টায় অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুরমা চা-বাগানের কুরঞ্জী গ্রামে চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপটিকে রাতেই উদ্ধার করে নিয়ে আসা হয় লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। আমাদের ধারনা সাপটির ১০-১২ কেজি ওজনের একটি ছাগল খেয়ে ফেলে। সেটা হজমের কিছুদিন সময় দিতে হবে। তাছাড়া সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটি বর্তমানে কিছুটা অসুস্থ। তাই কিছুদিন সাপটিকে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.