Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কাটা হাত-পায়ের পর এবার মিললো মাথাবিহীন দেহ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২২ জুন, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কচু ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর কাটা হাত-পায়ের পর এবার উদ্ধার হলো মাথাবিহীন দেহ। মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রাম থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে, সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচু ক্ষেত থেকে তার কাটা দুই হাত ও এক পা উদ্ধার করা হয়েছিল। তবে পুলিশ ওই নারীর মাথা ও আরেক পায়ের সন্ধানে মাঠে রয়েছে।

শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গাটি গতকালের কচু খেতের থেকে প্রায় আধা কিলোমিটার দূর।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক আজ মঙ্গলবার দুপুরে বলেন, আমরা ঘটনাস্থল রয়েছি। যে বডি টি পাওয়া গেছে সেটা একটা নারীর বডি। এখনো মাথা পাওয়া যায় নি। একটি বস্তার ভিতরে বডিটি রাখা ছিল। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাসী করছি। নারীর পরিচয় এখনো মেলেনি।

তিনি আরও বলেন,  সেখানে আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে, বডি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.