Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে চোরাই গরুসহ আটক ২

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ জুন, ২০২১

সিলেটের ওসমানীনগরে চোরাই গরুসহ দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- উপজেলা উমরপুর ইউপির সিকন্দরপুর পশ্চিমগাও গ্রামের হরেশ সূত্রধরের ছেলে অর্জুন সূত্রধর (২৯) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষী বাউর গ্রামের মো. আব্দুল কুদ্দুছের ছেলে মো. রফিক (৩৮)।

শুক্রবার ভোরে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোড থেকে তাদের আটক করা হয়। এ সময় গরু বহনকাজে ব্যবহৃত একটি টমটম (ব্যাটারি চালিত) জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার তাজপুর স্কুল রোডের ইউনিয়ন অফিসের সামনে পুলিশি চেক পোস্ট চলাকালে সন্দেহজন তিনজন ব্যক্তিকে একটি গুরু (ষাড়) ও টমটমসহ আটক করা হয়। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ অর্জুন ও রফিককে আটক করে তাদের সাথে থাকা চোরাই গরু ও একটি টমটম জব্দ করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে চুরি যাওয়া গরুর মালিক কদম আলী ওসমানীনগর থানায় গিয়ে গরুটি নিজের বলে সনাক্ত করেন। এ ঘটনায় কদম আলী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক চোরাই গরুসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে গরুর মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.