Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হেফাজতের কর্মী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে ইসলামের কর্মী ও বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে।

শনিবার (২৬ জুন) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোণা গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুরে পাটলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ জয়নুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৮ মে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার তৎপরতার অভিযোগে হেফাজতের ইসলামের তিনজনকে আটক করে। এঘটনায় ১৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ বলেন, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতায় আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে এই মামলার আরও ৫জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.