Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয় হত্যা: অভিজিৎ হত্যার আরেক আসামী ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০১৫

মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জাফরান হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তাকে হাজির করে ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।

শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।

জাফরান ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামি। এর আগে গত ১০ নভেম্বর অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে হেফাজতে সাত দিন জিজ্ঞাসাবাদ করা হয়।

জাফরানসহ এ তিনজনকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা আরমান আলী।

অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।

এ হত্যা মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে মান্নান রাহী অনন্ত হত্যায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ইদ্রিস জামিনে রয়েছেন।

এর আগে অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.