তাহিরপুর প্রতিনিধি | ২৮ জুন, ২০২১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় লেক্সাস বিস্কুটের প্যাকেটের ভিতরে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাখ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নয়ানগর গ্রামের নোয়াব আলীর ছেলে।
সোমবার (২৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় তাহিরপুর সদর ইউনিয়নের থানা সংলগ্ন (মধ্যতাহিরপুর গ্রামের)একটি চা স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের বাজার থেকে থানা সংলগ্ন (মধ্যতাহিরপুর)একটি চা স্টলে এসে চা পান করছিল লাখ মিয়া ও তার অপর সহযোগী। এ সময় তাদের কাছে থাকা একটি বিস্কুটের কার্টুন দেখে সন্দেহ হলে পুলিশ জনসম্মুখে তা খোলার পর ১০৪ পিস ইয়াবা জব্দ করে। এরপর লাখ মিয়াকে আটক করলেও তার অপর সহযোগী তাহিরপুরের মানিকখিলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন কৌশলে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে রোববার রাতে লাখ মিয়ার নামোল্লেখ করে মোফাজ্জলকে পলাতক আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেছেন।