Sylhet Today 24 PRINT

শিশু সাঈদ হত্যা: বাবাসহ ৫ জনের সাক্ষ্য গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০১৫

সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলায় সাঈদের বাবাসহ ৫ জনের স্বাক্ষ্যগ্রহন চলছে। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে স্বাক্ষ্যগ্রহন শুরু হয়। ১৭ নভেম্বর এই আদালতে ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল মালেক জানান, আজ আদালতে সাঈদের বাবা ও মামলার বাদী মো. মতিন মিয়া, মামা আশরাফুজ্জামান আজম, প্রতিবেশী ফিরোজ মিয়া, ওলিউর রহমান ও সাঈদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম আলখাস সাক্ষ্য প্রদান করছেন।

এই মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে জানিয়ে আব্দুল মালেক বলেন, রবিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

সাক্ষ্য গ্রহণকালে আদালতে আসামী সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, পুলিশের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিব ও মাহি হোসেন মাছুম উপস্থিত রয়েছেন।

চলতি বছরের ১১ মার্চ ৯ বছরের শিশু আবু সাঈদকে অপহরণ করে হত্যা করে পুলিশ কনস্টেবল এবাদুর রহমানসহ চার জন। পরে ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.