Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২১

নবীগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিনব্যাপী নবীগঞ্জ পৌর শহর, ইনাতগঞ্জ, ইমামবাড়ি, আউশকান্দি বাংলাবাজরসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা পৃথক অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

সকাল থেকেই ক্যাপ্টেন এসএম রিয়াজসহ সেনাবাহিনীর টিম টহল জোরদার করে। লকডাউন কার্যকরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে টহল দেয় সেনাবাহিনী।

এসময় সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। একই সময় সচেতনামূলক প্রচারণার অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান করা হয়।

বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিধি নিষেধ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ৬টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ প্রশাসন টহল দেয়। এসময় নির্দেশনা না মেনে রাস্তায় গাড়ি চলাচল করায় বেশ কয়েকটি টমটম গাড়ি আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের টহলের তদারকি করেন সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) মো. আবুল খায়ের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.