Sylhet Today 24 PRINT

লকডাউন: দ্বিতীয় দিনে ফাঁকা নগরের সড়ক

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) সকালে সিলেট নগরের সড়ক অনেকটাই ফাঁকা। রাস্তায় সকাল থেকে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়ছে।

বন্ধ রয়েছে দোকানপাট। তবে প্রথমদিনের মত শুক্রবার সকালেও প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি রয়েছে। ছুটির দিন সকালে নগরবাসীর অনেকেই বাজার করে থাকলেও লকডাউন থাকায় সকালে বিভিন্ন কাঁচাবাজারে আজ লোকজনের উপস্থিতি ছিল কম। তবে দিন গড়ানোর সাথে সাথে কাঁচাবাজারেও বেড়েছে জন-মানুষের উপস্থিতি।

কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১ জুলাই) সিলেট নগরী ও জেলার ১২টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে চালিয়ে ১৭২টি মামলা করা হয় ও ২ লক্ষ ৬০০ অর্থদণ্ড করা হয়েছে।

পাশাপাশি সিলেট মহানগর পুলিশ ৪৮ টি মামলা ও ১০৪টি যানবাহন আটক করে। এছাড়া বিধি নিষেধ অমান্য করায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে সিলেট নগরীসহ জেলার সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউন চলবে আগামী শনিবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত। এ সময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা আর কারখানা খোলা থাকবে। প্রয়োজন হলে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.