Sylhet Today 24 PRINT

বর-কনের গাড়ি আটকে দিলো পুলিশ, জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০২১

গোপনে বিয়ে সেরে করেকে নিয়ে ফিরছিলেন বর। তবে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে পৌঁছামাত্র বেরসিক পুলিশ আটকে দেয় বর-কনেবাহী গাড়ি।

পরে নির্বাহী ম্যা্জিস্ট্রেট সেখানে গিয়ে লকডাউনের নির্দেশনা ভেঙ্গে বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। শুক্রবার বিকেলে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ধার্য্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বর-কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। এই নোহা মাইক্রোবাসে বসা ছিলেন বর-কনেসহ গাড়িতে ছিলেন ৯ যাত্রী। লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা।

গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সবধরণের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানতেন। কিন্তু বিয়ের তারিখ আগেই নির্ধারিত থাকায় বিশেষ অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। এরমধ্যেই তারা ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হতে হয়েছে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় বরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.