Sylhet Today 24 PRINT

‘দ্বিতীয় বিয়ে করায়’ দুই ছেলে মিলে বাবাকে হত্যা!

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ০৩ জুলাই, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে তোতা মিয়া (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে তাকে কুপিয়ে আহত করা হয়। এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, তোতা মিয়ার দুই ছেলে তাকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত তোতা মিয়া বাঘা কান্দিগাঁও গ্রামের মৃত বতাই মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা পরগণা বাজারে তোতা মিয়ার দুই ছেলে রাজিম আহমদ ও তানিম আহমদসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তোতা মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
তোতা মিয়ার একাধিক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি তোতা মিয়ার তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ছেলেদের সাথে বিরোধ দেখা দেয়। এছাড়া তোতা মিয়ার জমিজমা ভাগভাটোয়ারা নিয়েও ছেলেদের সাথে মনোমালিন্য চলছিল। এসব কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।  

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। তোতা মিয়ার ছেলেদের আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.