Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ‘ভুয়া চিকিৎসক’ গ্রেপ্তার, একাধিক নকল সিল উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২১

সিলেটের ওসমানীনগরে নিরঞ্জন ধর (৫৫) নামে এক ‘ভুয়া চিকিৎসককে’ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের দায়ের করা মামলায় উপজেলার লামা গাভুরটিকি এলাকা থেকে এসআই মিল্টন দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা. নিরঞ্জন কুমার ধরের মালিকানাধীন নবীন ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে বেশ কয়েক হাজার টাকার সরকারি ঔষধ, একাধিক ব্যবহৃত ইনজেকশানের সিরিঞ্জ এবং ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল পাওয়া যায়। আদালতের সামনে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরিক্ষার সনদ ও ক্লিনিকের লাইসেন্স দেখাতেও ব্যর্থ হন।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের সীলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ বাদি হয়ে গতকাল শনিবার রাতে ওসমানীনগর থানায় (মামলা নং-০৪) দায়ের পর নিরঞ্জন ধরকে রাতেই পুলিশ গ্রেপ্তার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক নিরঞ্জন ধরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল তৈরি ও বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার নিরঞ্জন ধরকে আদালতে প্রেরণ করা হবে।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.