Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বাজারে জনসমাগম

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২১

করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে কঠোর সরকার, সেখানে হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজারগুলোতে ভিড় করছেন উপজেলাবাসী। পৌর এলাকার ছোট ছোট বাজারগুলো সকাল থেকে রাত পর্যন্ত খোলা রাখার কারণেই এখানে জনসমাগম ঘটছে বলে জানা গেছে।

উপজেলার পৌর এলাকার বিভিন্ন সবজি ও মাছের বাজারে শত শত মানুষ বিনা মাস্কে কেনাবেচা করছে। কোনো ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। সবজি ও মাছের বাজার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত কোনো ইউনিয়নে সবজি ও মাছের বাজার স্থানান্তর করা হয়নি।

এদিকে ধর্মঘর ইউনিয়নে হরষপুর রেলস্টেশন ও ধর্মঘর বাজারে মাছ ও সবজি বাজার প্রতিনিয়ত বসছে। অথচ পাশের দুটো খেলার মাঠে বাজার সরানোর ব্যবস্থা রয়েছে। চৌমুহনী ইউনিয়নের প্রাইমারি স্কুলের মাঠে প্রতিদিন হাট বসে।

সরেজমিনে দেখা গেছে, সামাজিক দূরত্ব তো দূরের কথা। কঠোর লকডাউন চলাকালে কেউ মাস্ক পর্যন্ত পরে না। গত বছর লকডাউনের সময় কলেজ মাঠে বাজার সরানো হয়েছিল।

একই চিত্র বহরা ইউনিয়নে। মনতলা রাস্তার পাশে বসে নিয়মিত হাটবাজার। শাহজাহানপুর ইউনিয়নে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জায়গা দখল করে বসছে সকালের হাট। দূর দূরান্ত থেকে প্রতিদিন সকালে এ হাটে শত শত মানুষ আসছে। কিন্তু ক্রেতা-বিক্রেতাদের কারও মুখে মাস্ক নেই। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

বেকুইয়া বাজার নামে সরকারি একটি বিশাল জায়গাজুড়ে বাজার থাকলেও এটি এখন পরিত্যক্ত। নোয়াহাটি থেকে বেকুইয়া বাজারে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব বজায় থাকবে। জগদীশপুর ইউনিয়নে গত লকডাউনের সময় জগদীশপুর খেলার মাঠে বাজার স্থানান্তর করা হয়েছিল।

জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, নোয়াপাড়া ইউনিয়ন শিল্পনগর হিসেবে পরিচিত। বিভিন্ন শিল্প কারখানা থাকায় হাজার হাজার শ্রমিক কাজ করায় নোয়াপাড়া বাজারে হাজারো মানুষের আনাগোনা সব সময়। এ বছর এখনও আগের জায়গায় ঠাসাঠাসি করে সবজি, মাছ ও অন্যান্য পণ্য কেনাবেচা হচ্ছে। এখানে করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

এদিকে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ বলেন, সরকারি নির্দেশনা পেলে জনস্বার্থে বাজার সরানো হবে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, করোনা সংক্রমণ এবং বিধিনিষেধ বাস্তবায়ন করতে যেসব বাজার স্থানান্তর করা যাবে সেগুলো স্থানান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.