জুড়ী প্রতিনিধি | ০৬ জুলাই, ২০২১
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ একটি কার আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে কারসহ নাসির বিড়ি আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় থানার এসআই মিয়া মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জুড়ী- বড়লেখা সড়ক আটকে দিলে চোরাকারবারিরা আমতৈল গ্রামে ভারতীয় নাসির বিড়ি বহনকরা কার নিয়ে ঢুকে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে বিড়িসহ গাড়ি রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় গাড়ি থেকে ১ লক্ষ ৪২ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ও একটি গাড়ি ঢাকা মেট্রো ক ০৪-০৪৯৬ জব্দ করে পুলিশ।
জুড়ী থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, চোরাকারবারিদের বিশাল চক্রটিকে ধরার জন্য আমাদের টিম কাজ করছে। এসব চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।