বড়লেখা প্রতিনিধি: | ০৬ জুলাই, ২০২১
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন সরদার।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় শেষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
জুন মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা, চোরাচালান প্রতিরোধ, চাঞ্চল্যকর ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে ভালো করায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এবিএম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।’
প্রসঙ্গত, জেলা শ্রেষ্ঠ বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গত বছরের ৭ আগস্ট বড়লেখা থানায় যোগদান করেন।