Sylhet Today 24 PRINT

ইনাতগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ৮টি ঘরের চাবি হস্তান্তর

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২১

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ৮টি ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে সুবিধাভোগীদের হাতে চাবি হস্তান্তর করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।

বিগত ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। সারাদেশে ভূমি ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-সৈদপুর সড়কের পাশে দিঘীর পাড় গ্রামের নিকটে একটি মনোমুগ্ধকর স্থানে ৮টি গৃহ নির্মাণ করা হয়। ইতিমধ্যেই ঘরের কাজ সম্পন্ন হয়।

আজ উদ্বোধন শেষে ৮ জন উপকারভোগি ভূমি ও গৃহহীন পেলেন তাদের নতুন ঠিকানা। তারা চাবি হাতে পেয়ে আনন্দে আত্মহারা। প্রাণভরে দুহাত তোলে দোয়া করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

বুধবার বিকেলে নির্মাণাধীন ঘর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের সার্বিক তত্বাবধানে উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ - বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক।

বক্তব্য দেন ইনাতগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.