Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মসজিদের ভিতরে শিশুর মরদেহ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে মসজিদের ভিতর থেকে মোহাম্মদ আলী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাঘা কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশু মোহাম্মদ আলী গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও ওই মসজিদের ইমাম রমিজ আলীর ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার বিকেলে রমিজ আলী দেখতে পান মসজিদের বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিশু মোহাম্মদ আলীর মরদেহ। পরে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের বড় ভাই ইমাম রমিজ উদ্দিন জানান, গত কয়েকদিন আগে আমার ছোট ভাই মোহাম্মদ আলী আমার সাথে বাড়ি থেকে মসজিদে আসে। লেখাপড়ায় মনোযোগী না হওয়ায় বুধবার বিকেলে বকাঝকা করি। আমি জানতাম না এর কারণে সে আত্মহত্যা করে ফেলবে।
         

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে শিশুটি ভাইয়ের সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে মনে করছে পুলিশ। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসার পর বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.