নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৫৮টি ভারতীয় কাপড়সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে র্যাবের অভিযানে উপজেলার মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামের আজমপুর গুদারাঘাট থেকে কাপড়সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. কাউছার আলম (২৫) ও বাজিদপুর গ্রামের মৃত মোসদ্দর আলীর ছেলে আক্তার মিয়া (৩২)।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দোয়ারাবাজার থানাধীন মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামস্থ আজমপুর গুদারাঘাটে অভিযান চালায়। এসময় ১৫৮ টি ইন্ডিয়ান কাপড়ের থান, নগদ ৩ হাজার টাকাসহ মো. কাউছার আলম ও আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।