Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ত্রাণের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে হতদরিদ্রদের অবস্থান

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হতদরিদ্র মানুষজন। অনেকেই কোন ধরনের ত্রাণ সহায়তা না পেয়ে প্রায় অর্ধশত হতদরিদ্র নারী-পুরুষ কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন।

শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় ত্রাণের দাবিতে উপজেলার ভানুগাছ বাজার, শ্রীনাথপুর, ঠাকুরবাজার, আলীনগর, কুমড়াকাপনসহ বিভিন্ন এলাকা থেকে এসে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। এ সময় তারা ত্রাণের দাবী নিয়ে উপজেলা পরিষদের বারান্দায় বসে থাকেন। তবে ঘন্টাব্যাপী অবস্থান নিলেও কাউকে না পেয়ে হতাশ হয়ে খালি হাতেই ফিরে যান তারা।

উপজেলা পরিষদ চত্বরে জড়ো হওয়া হুসনা বেগম, রিমা মালাকার, হাসি বেগম জানান, আমরা বিচ্ছিন্নভাবে এখানে কয়েকদিন এসেছি। আমাদের সাথে কেউ দেখা বা কথাও বলেননি। লকডাউনে কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে। নিরুপায় হয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে অবস্থান নেই।

এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) নাসরিন চৌধুরীকে বেরিয়ে যেতে দেখে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌরসভাসহ ৯টি ইউনিয়ন পরিষদে দেয়া হয়েছে। এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের নিকট কিছু নেই।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, কয়েকদিন আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছিল। শুনেছি কিছু হতদরিদ্র লোক এখানে এসেছিল। চাল ও নগদ টাকা পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে পৌঁছে দেয়া হয়েছে। সেখান থেকে বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.