Sylhet Today 24 PRINT

নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পশুর হাট

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২১

চলমান কঠোর লকডাউনে গরুর বাজার বসানোর এখনও কোন সরকারি নির্দেশনা না আসলেও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় চলছে জমজমাট পশুর হাট। একদিকে বাড়ছে করোনার সংক্রমণ। অপরদিকে গরুর হাটে স্বাস্থ্যবিধি না মেনেই জড়ো হচ্ছেন মানুষ।

সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যেও চলছে জমজমাট বাজার।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন জানান, গেল বৃহস্পতিবার উপজেলার সালুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে পশুর হাট বসলে ওইদিন বিকেলে গিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। এসময় বাজারে ইজারাদারকে খোঁজা হলে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদি উর রহিম জাদিদ। তিনি ওইসময় আরও জানিয়েছিলেন বাজার বসানোর কোন অনুমতিই দেওয়া হয়নি আমাদের না জানিয়ে এগুলো হচ্ছে।

সরজমিনে, রোববার দুপুরে বাঘবেড় পশুর হাটে গিয়ে দেখাযায় বাজার বসা মাত্র শুরু হয়েছে, বাজারে দেশীয়ও গরুর পাশাপাশি বাজারে রয়েছে সীমান্ত পাড় হয়ে আসা ভারতীয় গরু। বাজারে নেই স্বাস্থ্যবিধি ও অনেকের মুখে নেই মাস্ক। এসময় বাঘবেড় বাজারে পশুর বাজারের ইজারাদার আকতারুজ্জামান মিরাশ পর্যন্ত মাস্ক না পড়েই চালিয়ে যাচ্ছেন গরুর বেচাকিনি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসছে গরু কিনতে ও দেখতেও ভীড় করছেন সাধারণ মানুষ।

এসময় এ প্রতিবেদক বাজারের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গেলে কাজে এসে বাধা দেন বাজারের ইজারাদার আকতারুজ্জামান মিরাশের ছোটভাই মিলন মিয়া। তিনি এসময় প্রতিবেদককের আইডি কার্ড নিয়ে নিতে চান এবং বাজারে আশে পাশে আর দেখলে গুম করে দেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে পশুর হাটের ইজারাদার আক্তারুজ্জামান মিরাশ হাট বসানোর জন্য গরু ব্যবসায়ীদের দায়ী করে বলেন, আমিতো কোন গরু হাট বওয়াইছি না, ইতা গরুর যারা লইয়া আয় তারা বওয়াইছে, আমি ভাই মাত্র বাজারও আইছি।

বাঘবেড় গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এখানো ভাই গরুর বাজার বইছে, করোরার লকডাউন সব জাগাত চললেও ইকানো নাই, প্রশাসন গেছে পরশুদিন আইয়া নিষেধ দিয়া গেছে কিন্তু আপনে নিজেই দেখরা কি অবস্থা।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদি উর রহিম জাদিদ বলেন, তারা আমাদের না জানিয়ে গরুর হাট বসিয়েছে, আমরা আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং পুলিশকেও জানিয়ে দিচ্ছি। এখনো সরকার থেকে পশুর হাট বসানোর কোন নির্দেশনা আসেনি।

এদিকে, রোববার করোনায় সুনামগঞ্জে সর্বোচ্চ ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৩ হাজার ৩৩০ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় ১ জনসহ সুনামগঞ্জে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের করোনায় শনাক্তের হার ৩৩.৭২ শতাংশ। গেল ২৪ ঘন্টায় ২৬১টি নমুমা পরীক্ষা করা হলে ৮৮ জনের পজেটিভ আসে এবং ১ জন মারা গিয়েছে। সবাইকে এখন সচেতন হতে হবে তা না হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

এব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,  বাজার বসানোর এখন কোনভাবেই সম্ভব নয়, কেউ বাজার বসালে এগুলো আমরা তুলে দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.