Sylhet Today 24 PRINT

সিলেটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সভা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২১

‘অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো সিলেটেও পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১। করোনায় সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের কারণে এ বছর র‌্যালীসহ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি, তবে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেটের জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলামের। তবে জরুরী প্রয়োজনে তিনি ব্যস্ত থাকায় আলোচনা সভায় সংযুক্ত হতে না পারলেও পরে মোবাইল ফোনে সভার সংযুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং বিভাগের বিভিন্ন কর্ম দক্ষতায় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।

একইভাবে পরিবার পরিকল্পনা বিভাগ, সিলেটের পরিচালক মো: কুতুব উদ্দিন টেলিফোন বার্তার মাধ্যমে সভায় সংযুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান।

ভার্চুয়াল এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া, বক্তব্য রাখেন এফপিসিএস-কিউআইটি, সিলেট অঞ্চলের রিজিওন্যাল কনসালট্যান্ট ডা. মোসা: উমর গুল আজাদ। সভায় সংযুক্ত ছিলেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি/ক্লিনিক) এবং বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ।

ভার্চুয়াল এ সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত সিলেট বিভাগের শ্রেষ্ট কর্মী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এসময় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানগণ সভায় সংযুক্ত থেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়া হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব মো: মোতাচ্ছিরুল ইসলাম তার বক্তব্যে বলেন,  ‘এ অর্জনে তিনি পরিবার পরিকল্পনা বিভাগের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।’

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ  ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হওয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তিনি এ অর্জনে অত্যন্ত সন্তুষ্ট এবং ভবিষ্যতে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ বক্তব্য প্রদান করেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) এবং ক্লিনিক হিসেবে নির্বাচিত হওয়া সীমান্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প এবং মেরী স্টোপস ক্লিনিকের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। সীমান্তিক পরিবার পরিকল্পনা ক্লিনিকের উপ-নির্বাহী পরিচালক জনাব কাজী হুমায়ুন কবীর এবং মেরী স্টোপস ক্লিনিকের প্রোগ্রাম অফিসার জনাব মোহন লাল দাশ বক্তব্য রাখেন।

ভার্চুয়াল এ সভায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ সংযুক্ত ছিলেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন। আর সভাপতির বক্তব্যে সিলেট জেলার উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান এবং অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে চলমান কর্মসূচিকে বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং মাস্ক ব্যবহার করা, হাতধোঁয়ার অভ্যাস করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নিজে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.