Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৫৬ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণীর পরিবারের জন্য নির্মিত একক বাসগৃহ (প্রথম পর্যায়) সরেজমিনে পরিদর্শন ও নিয়মিতভাবে উক্ত আশ্রয়নে বসবাসকারী ৫৬ টি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করেন চুনারুঘাট উপজেলার সম্মানিত চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে উক্ত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খান, ২নং আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মেম্বার নির্মল দেব ও মালেক।

অনুষ্ঠানস্থলে রুবেল আহমেদ, যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম উস্তার, শামীম চৌধুরী, রাকিব খানসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরেজমিন পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রয়নের নিয়মিত বসবাসকারী ৫৬ উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বাসগৃহের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে কোন বাসগৃহের সামান্যতম ত্রুটিও পরিলক্ষিত হয়নি। বরাদ্দকৃত বাসগৃহে উপকারভোগীগণ নিয়মিত বসবাস করছেন।

উপকারভোগীগণ জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন।  তাদের কোনরূপ সমস্যা এই মুহূর্তে নেই। ইতোমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। উক্ত আশ্রয়নের পানি ও বিদ্যুতের কোনরূপ সমস্যা নেই মর্মে উপকারভোগীগণ জানিয়েছেন।

পরিদর্শনকালে নিয়মিত বসবাসকারী উপকারভোগীগণ জানান, বর্তমানে প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হুমায়ুন কবির খান অন্য সদস্যদের নিয়ে নিয়মিত প্রকল্পের উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকাণ্ড পরিচালনা করছেন। সকল বাসগৃহ সঠিকভাবে নির্মিত হয়েছে বলে পরিদর্শনকালে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, "সারা দেশ জুড়ে একজন লোকও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই অভিপ্রায়কে বাস্তবে রূপদান করতে চুনারুঘাটের মাটি ও মানুষের নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ও জেলা প্রশাসন, হবিগঞ্জের সহযোগিতায় অত্র উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১২০ টি বাসগৃহ ইতোমধ্যে নির্মাণ করেছে। আমি প্রতিটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ কার্যক্রম সফল করতে কঠোর পরিশ্রম করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন রচনায় সরাসরি ভূমিকা রাখতে পেরে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি ভীষণভাবে গর্ববোধ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.