Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ডিজিটাল পশুর হাট’

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য চালু হলো ডিজিটাল হাট। এ ডিজিটাল হাটে পশু বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। একইসাথে ডিজিটাল হাটের মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন তাদের পছন্দের মতো কোরবানির পশু।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিজিটাল পশুর হাট নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার সকল খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ডিজিটাল হাটের ব্যবস্থা করা হয়েছে। এটিই সরকারি উদ্যোগে উপজেলার সবচেয়ে বড় ডিজিটাল পশু কোরবানির হাট। এ হাটে ক্রেতারা ঘরে বসেই গরুর ছবি ও ভিডিও দেখা ও লাইভ ওজন জানার সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি গরু মালিক, খামারি বা ব্যাপারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। এরপর নির্দিষ্ট স্থান থেকে অথবা হোম ডেলিভারির ভিত্তিতে টাকার বিনিময়ে গরু সংগ্রহ করতে পারবেন। তবে মিথ্যা তথ্য প্রদান করে পণ্য বিক্রয়ের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  

আরও জানা যায়, উপজেলার সর্ববৃহৎ এ ডিজিটাল হাটের জন্য বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগলের মালিক, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের পাওয়া যাচ্ছে। এ পেশার সব মানুষ ফেসবুকের নিজস্ব একাউন্ট থেকে পশুর ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য আপলোড কররে। এসব ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খরচে প্রচার করবে। ফলে ক্রেতারা সহজেই তাদের কোরবানির জন্য প্রয়োজনীয় পশু পছন্দের সুযোগ পাবেন এবং বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন।

ডিজিটাল পশুর হাট নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, খামারি ও মালিকদের অর্থনৈতিক ক্ষতি ও তাদেরসহ ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ডিজিটাল সুযোগ কাজে লাগিয়ে জনগণ উপকৃত হবে। এছাড়া আমরা দেশের সবার স্বাস্থ্য সুরক্ষা অটুট রেখেই আমাদের অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডগুলো চালু রাখতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.