Sylhet Today 24 PRINT

টাকার জন্য মা-বোনকে নির্যাতন, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে টাকার জন্য মা-বোনকে নির্যাতন করায় বুলবুল আহমেদ (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন এই দণ্ড দেন।

সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। বুলবুল ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুল আহমেদের মা ক্যান্সারে আক্রান্ত। মা ছাড়া পরিবারে তার এক বোন রয়েছে। তাদের অভাবের সংসার। যেখানে তাদের নুন আনতে ফুরায়। তার ওপর এই কঠিন রোগের ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর। এমন পরিস্থিতিতে বুলবুল টাকার জন্য অসুস্থ মাকে এবং তার বোনকে প্রতিনিয়ত মারপিট করতো। ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগের প্রক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন সোমবার পুলিশসহ কামারগাঁও গ্রামে যান। সেখানে গিয়ে বুলবুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.