Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে ট্রেন চলবে

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২১

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে টিকিট ছাড়া হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে রেল মন্ত্রণালয়।

শাটডাউন শিথিল নিয়ে এরই মধ্যে তথ্য বিবরণী ছেড়েছে সরকার। সোমবার সন্ধ্যায় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সই করা বিবরণীতে বলা হয়, করোনা মহামারি বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকারের আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করবে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, ‘আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’

এর আগেই মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব ধরনের গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের শাটডাউনে যাবে দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একজন কর্মকর্তা বলেন, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

সরকারের ঊর্ধ্বতন অপর এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.