শাবি প্রতিনিধি | ১২ জুলাই, ২০২১
নারায়নগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের একটি জুস কারখানায় সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনায় অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) সোসাইটি।
সোমবার (১২ জুলাই) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় উল্লেখ করা হয়, অগ্নিকান্ডের ফলে অর্ধ শতাধিক শ্রমিক আহত ও নিখোঁজ অবস্থায় রয়েছে।
এতে আরো জানানো হয়, গত ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ আগুনে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় কর্মরত ৫২ জন শ্রমিক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন যা অত্যন্ত বেদনাদায়ক।
এফইটি সোসাইটি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে পরিদর্শন ও তদারকীমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানায়।