Sylhet Today 24 PRINT

হাসপাতালে ঢুকে চিকিৎসককে চড়, যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২১

সুনামগঞ্জে হাসপাতালে জরুরী বিভাগে প্রবেশ করে এক চিকিৎসককে শারিরীকভাবে লাঞ্চীত করেছেন এক যুবক। হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আক্রান্ত চিকিৎসক আবু জাহিদ মাহমুদ মামলা করবেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক আনিসুর রহমান।

চিকিৎসক আবু জাহিদ বলেন, ‘ওই যুবক ভোর সাড়ে ৫টার দিকে এখানে এসে তার ভাই অসুস্থ বলে আমাকে তার সঙ্গে বাড়ি যেতে বলে। আমি তাকে বলি জরুরি বিভাগ ছেড়ে আমি যেতে পারবো না।'

‘সে আমাকে জোরাজোরি করে, যেনো আমি তাকে ওষুধ লিখে দেই। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে লিখে দেই।

জাহিদ আরও বলেন, ‘সে আবার সকাল সাড়ে ৭টার দিকে আসে। তার রোগীকে আমি চিকিৎসা দিচ্ছিলাম। এক সময় সে আমাকে চড় মারে আর প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’

হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান। তিনি সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার। অভিযুক্ত মিজানুর রহমান এর আগেও গেল বছর ডিসেম্বরে এক নার্সকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরবর্তীতে শালিশি সভায় ঘটনার মিমাংসা করলেও আজ মঙ্গলবার আবারও আরেকটি ঘটনা ঘটায় সে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ বলেন, ‘আমাদের চিকিৎসকের গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। ওই বখাটে যুবকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।

‘আমি শুনেছি এই ছেলেটা আগেও আমাদের নার্সকে ছুরিকাঘাত করেছে। আমি সুনামগঞ্জ সদর হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ি দাবি জানাই।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক আনিসুর রহমান বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো। এখানে আমাদের নিরাপত্তা না দিলে কোনো চিকিৎসকই এখানে থাকবে না।’

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এজাজুল ইসলাম বলেন, ‘আসামিকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। মামলা পেলেই আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.