Sylhet Today 24 PRINT

কিউবার প্রতি সংহতি জানিয়ে সিলেটে যুব ইউনিয়নের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ জুলাই, ২০২১

কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ ও কিউবার বিপ্লবী জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাছানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকনের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান, জেলা সদস্য এসকে শাকিল, সন্দীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ।

এসময় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন সারভৌম রাষ্ট্রে মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই আমরা। ইতালি যখন করোনায় বিপর্যস্ত তখন কিউবা তাদের চিকিৎসক দল ইতালিতে পাঠিয়েছিল। বিশ্বের পুঁজিবাদী দেশগুলো যখন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ তখন কিউবা ছিল সফল। এই অবস্থায় কিউবার সমাজতান্ত্রিক সরকারকে উৎখাতে উঠে পড়ে লেগেছে মার্কিন সাম্রাজ্যবাদ। এর আগে বলিভিয়াও তারা এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারও কিউবার বিপ্লবী জনগণ আমেরিকার সব চক্রান্ত নস্যাৎ করবে।’

দেশে করোনার এই সঙ্কটকালে সব কিছু খুলে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ‘সিলেটসহ সারাদেশে আইসিইউ সঙ্কট দেখা দিয়েছে। রোগীরা অ্যাম্বুলেন্সে ঘুরে ঘুরে আইসিইউ শয্যা পাচ্ছেন না। কিন্তু সরকার এসবের কোনো দায় নিচ্ছে না। করোনা সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার কারণে দেশে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.