Sylhet Today 24 PRINT

দায়িত্ব হস্তান্তরে বহিষ্কৃত চেয়ারম্যানের লুকোচুরি

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে গত ১১ জুলাই সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার জেলা প্রশাসনের সুপারিশে থাকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে ছালেক মিয়াকে।

এর প্রেক্ষিতে ৩ দিনের ভেতর প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তরের জন্য লিখিত নির্দেশ দেন রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল। সে সময়সীমা ১৫ তারিখ পার হয়ে গেলেও এখনো কারো কাছে দায়িত্ব হস্তান্তর করেননি সাময়িক বহিষ্কার হওয়া ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া। তবে তিনি জানিয়েছেন এখনো দায়িত্ব হস্তান্তরের কোন চিটি তিনি পাননি। চিঠি পাওয়ার পর দায়িত্ব হস্তান্তর করবেন।

এই দিকে এই ইউনিয়ন পরিষদের সচিব পাপড়ি দত্ত জানান, গত বুধবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে একটি চিটি তিনি রিসিভ করেছেন তবে তার ভেতরে কি ছিল তা জানেন না। চিঠি পাওয়ার পর তা সাথে সাথে ছালেক মিয়ার কাছে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।  

মুন্সিবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল হুসেন জানান, আমাকে সচিব জানিয়েছিলেন আমাকে দায়িত্ব দেওয়া হবে কিন্তু এখনো কোন দায়িত্ব দেওয়া হয়নি। ইউএনও মহোদয়ের পত্রের পরেও দায়িত্ব হস্তান্তর হয়নি।

এই বিষয়ে সাময়িক বহিষ্কার ছালেক মিয়া বলেন, আমি আমার জবাব দিয়েছি তবে আমাকে দায়িত্ব হস্তান্তরের কোন চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে দেওয়া হয়নি তবে শুনেছি রবিবারে চিঠি আসবে। এই চিঠি আসার পর আমি দায়িত্ব হস্তান্তর করব বর্তমানে আমি দায়িত্ব পালন করছি।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান, আমি দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি দিয়েছি। দায়িত্ব হস্তান্তর করা না হয়ে থাকলে কেন করা হলনা তার খবর নেব । আইনের কোন ব্যাতয় ঘটে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,  মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহণকৃত ভূমিতে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়াকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.