Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাল্য বিয়ে, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০২১

সিলেটের ওসমানীনগরে বাল্য বিয়ের কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওসমানীনগর থানার সহকারী কমিশনার (ভুমি) তাসলিমা আক্তার মীতু ঘটনাস্থলে গিয়ে এই জরিমানা আদায় করেন। একই সঙ্গে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বর ও কনেকে নিজ নিজ পিত্রালয়ে বসবাসের নির্দেশ দিয়েছেন।

রোববার দুপুরে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের তোতা মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে আইলাকান্দি গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হয়। তাজপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবুল কালাম আজাদের সহকারী জাহাঙ্গীর আহমদ উপস্থিত থেকে এই বিয়ে পড়ান। কিন্তু কনের বয়স এখনো ১৮ না হওয়ার কারনে ওই বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়।

খবর পাওয়ার পর সন্ধ্যায় ওসমানীনগর থানার সহকারী কমিশনার (ভুমি) তাসলিমা আক্তার মীতু বর বাবুল মিয়ার বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় তিনি কনের চাচা পরিচয়দানকারী বিয়ের উকিল ভাড়েরা মাধবপুর গ্রামের জয়নাল আবেদীনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসলিমা আক্তার মীতু জানিয়েছেন- ‘কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারনে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বর ও কনেকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে- বিয়ের সাক্ষী নুরুল ইসলাম রেজন জানিয়েছেন- তাজপুর ইউনিয়েনের কাজীর প্রতিনিধি এসে বিয়ে পড়ান এবং কাবিন সম্পন্ন করেন। বিয়ের পড়ানোর সময়ের ভিডিও ফুটেজ ও ছবি সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি। তবে- তাজপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ জানিয়েছেন- তার প্রতিনিধি ওখানে গেলেও বিয়ে পড়াননি।a

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.