Sylhet Today 24 PRINT

সিলেটে ৪ দিন বন্ধ গণটিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুলাই, ২০২১

ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে সিলেটে চার দিন বন্ধ থাকবে করোনা সংক্রমণ রোধকারী গণটিকাদান কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।’

এদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘রোজার ঈদের মতো  এবারের ঈদেও টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ছুটির দিনের মতো ঈদেও টিকা দেওয়া বন্ধ থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.