Sylhet Today 24 PRINT

প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ, অভিযোগ আতিকের

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০২১

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক তার প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের হুমকি প্রদানের অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ এই বাধা ও হুমকি প্রদান করছে বলে অভিযোগ তার।

রোববার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লাঙল প্রতিকের এই প্রার্থী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের লোকজন আমার প্রচারণাপয় বাধা দিচ্ছে। নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি বলেন, পুলিশও একই ধরণের ভয়ভীতি দেখাচ্ছে। আমার নেতাকর্মীদের ধরপাকড়ও করা হচ্ছে। স্থানীয় লোকজনকে ভোটে নিরুৎসাহিত করতে অপপ্রচার চালানো হচ্ছে।

এ ব্যাপা্রে প্রধানমন্ত্রীর ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন, এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা ভয়ে ভোটকেন্দ্রে আসবে না। আরেকটি ভোটারহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাতে এ ষড়যন্ত্র করা হচ্ছে। নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি জয়লাভ করবে। তবে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়নি।

আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী ও শাটডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে প্রচারণা চালালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার।

সংবাদ সম্মেলনে জাপা'র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনের উপনির্বাচনে প্রার্থী চারজন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনেদ মুহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে লড়ছেন। শাটডাউনের মধ্যেও শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তারা।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে হচ্ছে ভোট।

এ আসনে ভোটার ৩ লাখ ৫২ হাজার জন ও ভোটকেন্দ্র ১৪৯টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.