কমলগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। শুক্রবার (২৩) রাত উপজেলার শমশেরনগর রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কিশোরীর ভাই নাজিম মিযা বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল রবিন মিয়া (২৬)। সে রেলওয়ে এলাকায় নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগীর ভাই নাজিম মিয়া বলেন, ঘটনার সময় আমার মা বাসায় না থাকার সুযোগে রবিন মিয়া ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার চিৎকারে আমি এগিয়ে গেলে বখাটে রবিন পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে আসামিকে দ্রুত আটক করে কমলগঞ্জ থানার প্রেরণ করি।