সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০২১
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জে দিনভর গণসংযোগ করেছেন।
রোববার (২৫ জুলাই) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড়, বালাগঞ্জ সদর, পশ্চিম গৌরিপুর, পূর্ব গৌরিপুর এবং দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ সুরমার মোগলাবাজারে নির্বাচনী জনসভায় গণসংযোগ ও পথ সভায় বক্তব্য দেন শফি আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কি বলল, সেদিকে আমার কোন দৃষ্টি নেই। আমার দৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। এই লক্ষ্য নিয়েই বিগত তিনযুগ ধরে আপনাদের পাশে আছি। দলমতের ঊর্ধ্বে উঠে গণমানুষের উন্নয়নের জন্য নির্বাচনে এসেছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো।
তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি আমি করি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর বিগত ১৩ বছরে কাঙ্ক্ষিত কোন উন্নয়ন হয়নি। জনদূর্ভোগ লাঘবে যা করেছি তা আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। আপনাদের বিবেক যদি সাড়া দেয় তবে আমাকে আপনারা আগামী ২৮ জুলাইয়ের নির্বাচনে মোটর গাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।