তাহিরপুর প্রতিনিধি | ২৫ জুলাই, ২০২১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. তোফাজ্জল হোসেন পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পাপ্পু তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিসকা গ্রামের বাসিন্দা সমছুল হকের ছেলে।
রবিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে শক্তিয়ারখলা গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার শক্তিয়ারখলা গ্রামের এক বাসিন্দার ষ্টিলের নৌকায় দীর্ঘ দিন ধরেই শ্রমিক হিসেবে কাজ করছিল তোফাজ্জল। রোববার সেই নৌকায় মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। সাথে থাকা লোকজন তাকে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল করেছে।
তাহিরপুর উপজেলার আলী আহমদ জানান, নিহত চিসকা গ্রামের তোফাজ্জলের পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের উপার্জনক্ষম ছেলে হারিয়ে পাগল প্রায় মা-বাবা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।