Sylhet Today 24 PRINT

সিলেটে মুজাহিদের গায়েবানা জানাযা: বদলা নেওয়ার হুমকী জামায়াতের

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৫

সিলেটে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা পড়েছে দলটির নেতাকর্মীরা।

সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজা রবিবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় মুজাহিদকে বিচারের নামে 'হত্যা' করা হয়েছে উল্লেখ করে করে এই 'হত্যার' বদলা নেওয়ার হুমকী দেন জামায়াত নেতারা।

জানাযা পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বদলা নেবাে। ঘরে ঘরে শত শত মুজাহিদ তৈরি করি এদেশকে ইসলামি রাষ্ট্রে পরিণত করবো।

জানাযার আগে বেলা ২টা থেকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক মাওলানা ফজলুর রহমান, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা মতিউর রহমান, হাফিজ আনোয়ার হোসেন খান, মাওলানা সুহেল আহমদ, ছাত্রশিবির নেতা মুহাম্মদ আবদুর রাজ্জাক, আবদুল্লাহ আল মাহমুদ, দস্তগির আহমদ প্রমুখ।

গায়েবানা জানাজা চলাকালে আলীয়া মাদরাসাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.