নবীগঞ্জ প্রতিনিধি | ০৪ আগস্ট, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জ বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে নিজ গাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের পুত্র। তিনি পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ির চালক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুচরিত দাশ লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।