Sylhet Today 24 PRINT

তাহিরপুরের ৭ ইউনিয়নের ৭ কেন্দ্রে দেওয়া হবে টিকা

করোনাভাইরাস প্রতরোধী টিকা

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ই আগস্ট থেকে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যেক ইউনিয়নের নির্দিষ্ট টিকা কেন্দ্রে নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিনামূল্যে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে।

সর্বস্তরের মানুষের সুবিধায় উপজেলার ৭ ইউনিয়নের সাতটি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কেন্দ্রগুলো হল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বাদাঘাট ইউনিয়ন কমপ্লেক্স ভবন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন টিকা নিতে আগ্রহীরা টিকা নিতে পারবেন।

জানা যায়, যাদের বায়স ১৮ ঊর্ধ্ব এবং তাদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, শুধু তারাই এই কেন্দ্রগুলোতে টিকা নিতে সক্ষম হবেন। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনভাবেই টিকা প্রদান সম্ভব হবেনা। গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে এই মুহূর্তে টিকা দেয়া যাবেনা।

নির্দিষ্ট দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদানকালে সকাল ১১টা পর্যন্ত শুধু মহিলা ও পঞ্চাশোর্ধ বয়স্ক পুরুষদের, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। ১১টার পর থেকে অন্যান্য সকলকে টিকা দেয়া হবে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ শাফী জানান, তালিকায় কোন পরিবর্তন বা পরিবর্ধন করা হলে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। টিকা নিতে আসার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের দুইটি ফটোকপি আনতে হবে এবং একটি সচল সেলফোন নম্বর থাকতে হবে। টিকা গ্রহণ প্রক্রিয়াটি পুরোপুরিভাবে বিনামূল্যে। এই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে অতিদ্রুত সকল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.