সুনামগঞ্জ প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০২১
গণটিকা কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জ জেলায় শনিবার ৫৮ হাজার ২০০ মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় ৯৭টি টিকা কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। এতে গ্রামের ২৫ উর্ধ্ব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও নারীরা অগ্রাধিকার পাবেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ৮৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা আছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ১টি করে এবং সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে থাকবে নয়টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে টিকা দেওয়া হবে ৬০০ জনকে। একটি কেন্দ্রে বুথ থাকবে ৩টি। প্রতি বুথে টিকা দেওয়া হবে ২০০ জনকে। প্রতিটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্র হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা মিলে কেন্দ্রের জন্য সুবিধাজনক স্থান নির্ধারণ করবেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন জানান, টিকা নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।