Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে উৎসবমুখর কেন্দ্র, হাসপাতালে টিকা গ্রহণে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৭ আগস্ট, ২০২১

দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির আলোকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও শুরু হয়েছে গণটিকা প্রদান কর্মসূচি। শনিবার (৭ আগস্ট) সকালে একযোগে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় টিকাদান কর্মসূচি শুরু হয়, কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুস শহীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৬টি ওয়ার্ডের ৭ হাজার ২০০জন মানুষকে চিন থেকে আসা সিনোফার্মের তৈরিকৃত ভাইরোসেল টিকা প্রদান করা হবে।

সকাল দশটায় শ্রীমঙ্গল পৌরসভায় গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে সবাই সারিবদ্ধ হয়ে টিকা গ্রহণের জন্য লাইন ধরে অপেক্ষা করছেন কিন্তু অপেক্ষারত টিকাগ্রহীতাদের মধ্যে ছিলো না সামাজিক দূরত্ব মানার বালাই। সেখানে বারবার মাইকে পৌর কর্তৃপক্ষ বলছিলেন তিনফুট দূরত্ব বজায় রাখার জন্য সেখানে মানুষজন আরও বেশী করে সমবেত হয়েছে।

পৌরসভার তাৎক্ষনিক টিকা নিবন্ধন কক্ষে ছিলো উপচে পরা ভিড়। স্বেচ্ছাসেবী পুলিশ আনসারদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম বলেন, আমাদের পৌরসভায় নয় ওয়ার্ডের ১৮০০ জনকে আমরা আজ টিকা দিচ্ছি তাই স্বাভাবিকভাবে আমাদের এখানে একটু চাপ যাচ্ছে,মানুষকে স্বাস্থ্যবিধি মানার কথা বলেও মানানো কঠিন হয়ে যাচ্ছে।

এছাড়া এই টিকা কেন্দ্রে টিকা গ্রহীতার জন্য টিকা গ্রহণের পরে বিশ্রামের জন্য প্রস্তুত রাখা পৌরসভা অডিটোরিয়ামটিও ছিলো ফাঁকা,মানুষ টিকা নিয়ে খুব দ্রুত বাসায় ফিরে যেতে দেখা গেছে।

আলেয়া বেগম নামে একজন গৃহিণী বলেন, টিকা নিতে আমার বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি তবে খুব গাদাগাদি করে লাইনে দাড়াতে হয়েছে।

পৌরসভার এমন অবস্থার বিপরীত চিত্র ছিলো শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে সেখানে গোল বৃত্ত দিয়ে চিহ্নিত করে চেয়ার বসিয়ে টিকাগ্রহীতাদের বসতে দেয়া হয় ৷ সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য সেখানে প্রচুর স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সুস্মিতা এসেছিলেন টিকা নিতে। তার কাছে প্রশ্ন ছিলো, টিকা নিতে কোন ভয় করছে কিনা? তিনি সাথে সাথে হেসে উত্তর দেন টিকা নিতে কোন ভয় সংকোচ নেই সবাই খুব উৎসাহ নিয়ে টিকা নিচ্ছে,প্রথম যখন দেশে টিকা আসলো তখন যে শঙ্কা আর সংশয় ছিলো সেটি এখন একেবারে জনগণের মন থেকে উবে গেছে।

টিকাদান কর্মসূচি নিয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম সিলেটটুডে কে বলেন,আজ টিকাদান কর্মসূচীর টেস্ট রান (পরীক্ষামূলক প্রয়োগ) ছিলো,সকাল থেকেই মানুষ উৎসবের আমেজে টিকা নিয়েছে ৷ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আমাদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং আমাদের এই টিকাদান কর্মসূচী শতভাগ সফল হয়েছে ৷ আজ যারা টিকা নিয়েছেন তাদেরকে আগামী সেপ্টেম্বর মাসের সাত তারিখে একই কেন্দ্রে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে গনটিকাদানের এই কর্মসূচীর দিনে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা টিকা গ্রহীতারা পরেছিলেন ভোগান্তিতে। ভ্যাক্সিনের অপ্রতুলতা, মেসেজ সংক্রান্ত জটিলতা কিংবা সার্ভার সমস্যার কথা বলে ফেরত পাঠানো হয়েছে অনেক টিকাগ্রহীতাকে।

সরেজমিনে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় টিকাগ্রহীতারা কার্ড হাতে অপেক্ষা করছেন কেউ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন বাসায়।

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বাসিন্দা অমিতা ভট্টাচার্য এখন থাকেন মৌলভীবাজারের ভুজবলে তিনি আজ স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন টিকা নিতে কথা হয় তার সাথে, তিনি বলেন লকডাউনের কারণে তিনগুণ ভাড়া দিয়ে টিকা নিতে এসেছি কিন্তু এখানে আসার পর শুনি আজ টিকা নেই। আমাকে হাসপাতাল থেকে বললো দশ তারিখ আসতে, আমার টিকা কার্ড মেসেজ সবই আছে কিন্তু তারপরও আমাকে টিকা না দিয়ে অযথা ঘুরানো হলো।

একই সমস্যা ছিলো শহরতলীর রামনগর থেকে আসা রাজু রাম গৌড় ও মনিকা রামগৌড়ের তারাও আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন টিকা নিতে কিন্তু টিকা প্রদানকারী ব্যক্তি তাদেরকে জানান আজ টিকার বরাদ্দ নেই মঙ্গলবারে আসেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ আমরা ১০০টির মত টিকা প্রদান করেছি। আমাদের প্রথম ডোজের টিকার সংকট আছে ৷

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাদ সিলেটটুডের কাছে প্রথমে টিকার অপ্রতুলতার কথা শিকার করলেও পরবর্তীতে বলেন, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী স্যারের সাথে কথা বলে জানতে পেরেছি আজ ১০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। শুধুমাত্র আজকে টিকা নেয়ার জন্য যারা মেসেজ পেয়েছিলেন তারাই আজ টিকা নিতে পেরেছেন। বাকি টিকা গ্রহীতাদের আমরা তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভায় টিকা নেয়ার জন্য বলেছি।

মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল মুর্শেদ সিলেটটুডে ২৪কে বলেন, আজ ক্যাম্পেইন চলার কারণে টিকার কিছুটা সংকট তৈরি হয়েছে তবে সেটি শুধু সিনোফার্মের টিকার। আগামীকাল এবং পরশু আমরা এস্ট্রোজেনিকার দ্বিতীয় ডোজ দিবো, সেখানে কোনো টিকা সংকট নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.